চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন। রোববার পূর্ব মাদারবাড়ী, পশ্চিম মাদারবাড়ী ও পাঠানটুলী ওয়ার্ডে কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
মেয়র জানান, নালা পরিষ্কারের পরও যদি প্লাস্টিক ও বর্জ্য ফেলা অব্যাহত থাকে, তবে স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি বলেন, গুলজারখাল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সুইসগেট নির্মাণকাজ চলছে এবং অস্থায়ী বাঁধের কারণে সাম্প্রতিক বৃষ্টিতে কিছু এলাকায় পানি জমে সাময়িক ভোগান্তি হয়েছে। এজন্য তিনি এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
মেয়রের মতে, সুইসগেট নির্মাণ শেষ হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি হিজড়া খাল ও জামালখান খালের সংস্কারকাজও চলমান রয়েছে, যা সম্পন্ন হলে নগরবাসী আরও সুফল পাবে।
চসিক মেয়র বললেন, সুইসগেট নির্মাণে জোয়ার নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা কমবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।