সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারকাজের নিম্নমান দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার দুপুরে কারখানা পরিদর্শনের সময় রেলকোচের জানালা সংস্কারে অনিয়ম দেখতে পেয়ে তিনি বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদসহ কর্মকর্তাদের তিরস্কার করেন। একপর্যায়ে তিনি এ কারখানায় কোচ সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার কথাও বলেন।
মন্ত্রী বলেন, জানালার যে ধরনের সংস্কার করা হচ্ছে, তার চেয়ে ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও সম্ভব। তিনি প্রশ্ন করেন, নিজের বাড়ির জানালার কাজ হলেও কর্মকর্তারা কি একইভাবে অবহেলা করতেন। এত বড় কারখানায় কোচ সংস্কারের এমন নিম্নমান দেখে কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন। যাত্রীসেবার মান বাড়াতে সংস্কারকাজে ব্যবহৃত উপকরণের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। কাজে অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। সফরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, একান্ত সচিব হাবিবুল হাসান রুমি এবং স্থানীয় প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর কারখানায় নিম্নমানের কোচ সংস্কার নিয়ে কর্মকর্তাদের তিরস্কার মন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।