পাকিস্তান তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) প্রায় ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। সোমবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তাঁর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা নযরুর রহমান। তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে ব্যয় করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তৎকালীন আমির মাওলানা হাজি আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর ২০১৮ সাল থেকে তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে পাকিস্তানসহ বিশ্বজুড়ে তাবলিগ জামাতের সাথী ও ধর্মীয় অঙ্গনে শোক নেমে এসেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব শোক জানিয়েছেন।
পাকিস্তান তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমান প্রায় ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।