নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই বিএনপি-অঙ্গসংগঠনের নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় কয়েল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় তারা একইমুখী ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আব্দুল কাদির চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।
নারায়ণগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই বিএনপি নেতা নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।