ভারতের গুজরাটের সুরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণের প্রস্তাব নিয়ে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার সুরাট ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাজারটির উদ্বোধন করে এবং ‘শ্রী নরেন্দ্র মোদি হোলসেল ফিশ মার্কেট’ লেখা ও মোদির ছবিসংবলিত ব্যানার টানায়। সংগঠনের একাংশের আপত্তির পর মঙ্গলবার ব্যানারটি সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়।
এটি সুরাটের প্রথম পৌর করপোরেশন পরিচালিত পাইকারি মাছের বাজার, যেখানে ৮০টি মাছ বিক্রির দোকান বা আউটলেটের ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সহায়তায় বাজারটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্র ও গুজরাট সরকার ৩ কোটি রুপি করে এবং সুরাট মিউনিসিপ্যাল করপোরেশন দেড় কোটি রুপি দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নামকরণ নিয়ে কয়েকজন ব্যবসায়ীর মধ্যে কথাকাটাকাটিও হয়।
মাছ ব্যবসায়ী সুরেন্দ্র লাশকারি মোদি নিরামিষভোজী হওয়ায় তার নামে মাছের বাজারের নাম না রাখার দাবি করেন। অন্যদিকে, অ্যাসোসিয়েশনের সভাপতি কালপেশ নাভসারিওয়ালা অর্থায়ন ও মৎস্য খাতে প্রধানমন্ত্রীর গুরুত্বের কথা তুলে ধরে নামের পক্ষে অবস্থান নেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবটি সাংস্কৃতিক কমিটির কাছে পাঠানো হয়েছে; এরপর স্থায়ী কমিটি ও সাধারণ বোর্ডের প্রক্রিয়া রয়েছে।
নামকরণ বিতর্কে সুরাটের মাছের বাজারে মোদির ছবিসহ ব্যানার ঢাকা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।