তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় তার সঙ্গে থাকা কথিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তিনি জানান, ঘটনার দিন রাজাবাড়ী ঘাট এলাকায় দুজন কথা বলছিলেন। কয়েকজন লোক ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ সেখান থেকে পালিয়ে যান। বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তারা শুরু থেকেই দীপকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছেন। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাহসিফের বাবা এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, দীপের বক্তব্য ও উদ্ধার করা মোটরসাইকেলের বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পিবিআই নৌ পুলিশকে সার্বিক সহায়তা দিচ্ছে।
তাহসিফের মৃত্যু তদন্তে দীপের বক্তব্য ও উদ্ধার মোটরসাইকেল যাচাই করছে পিবিআই
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।