পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং আরও দশজন আহত হয়েছেন। পুলিশ জানায়, কুরেশি মোড় এলাকায় শান্তি কমিটির এক নেতার বাসভবনে এই বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ সাহিবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে অতিথিরা নাচছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের ছাদ ধসে পড়ে, ফলে উদ্ধারকাজে জটিলতা দেখা দেয়।
রেসকিউ ১১২২–এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ ও দশজন আহতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে জরুরি অবস্থা জারি করা হয়। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদ রয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হামলার নিন্দা জানিয়ে প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শকের কাছে তাৎক্ষণিক প্রতিবেদন তলব করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সহায়তার আশ্বাস দেন।
পাকিস্তানের ডেরা ইসমাইল খানে বিয়েতে আত্মঘাতী বিস্ফোরণে পাঁচজন নিহত, দশজন আহত