ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের তরুণ উদ্ভাবক মারুফ মোল্যা নিজের তৈরি লাল রঙের এক আসনের বিমান সফলভাবে উড়িয়েছেন। গত ১৩ নভেম্বর শুক্রবার তিনি সদরপুরের আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে বিমানটি উড্ডয়ন করেন। কিছুক্ষণ আকাশে থাকার পর তিনি নিরাপদে অবতরণ করেন। তবে বিমানটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।
প্রাতিষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ ছাড়াই মারুফ ইউটিউব ভিডিও দেখে প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। কক্সবাজারে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তাঁর উড়ার আগ্রহ তৈরি হয়। প্রায় ছয় মাসের চেষ্টায় তিনি একটি প্যারাগ্লাইডার বানান এবং গত বছর সেটি উড়াতে সক্ষম হন। পরে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে প্রায় সাত মাস ও দেড় লাখ টাকা ব্যয়ে ছোট বিমানটি তৈরি করেন।
প্রথমদিকে কয়েকবার চেষ্টা করেও বিমানটি ওড়াতে পারেননি মারুফ। পরে জুলহাস কারিগরি ত্রুটি শনাক্ত করে পরামর্শ দিলে সংশোধনের পর তিনি সফল হন। মারুফ সরকারি সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ চেয়েছেন। উপজেলা প্রশাসন তাঁকে সংবর্ধনা দিয়েছে এবং সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে; স্থানীয় চেয়ারম্যান ও সংসদ সদস্যও তাঁর উদ্যোগের প্রশংসা ও সহায়তার আশ্বাস দিয়েছেন।
নিজের তৈরি এক আসনের বিমান উড়িয়ে সফল পরীক্ষামূলক উড্ডয়ন করলেন মারুফ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।