গাজীপুরের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় রোববার বিকেলে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী শাহাদাত হোসেন, ফিরোজ মিয়া ও দোকান কর্মচারী রোহান আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা হামলার সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, এর আগের দিন শনিবার একই এলাকায় রিয়া স্টুডিওর মালিক আব্দুল মালেকের ওপর হামলা চালানো হয়। রোববার বিকেলে একই দল লিটন এন্টারপ্রাইজে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে। ব্যবসায়ীরা বাধা দিলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে কয়েকজনকে আহত করে এবং ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি ধারণা করেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় আহত তিন, তদন্তে পুলিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।