ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত ফ্রান্সের এক নতুন গবেষণায় দেখা গেছে, দোকান থেকে কেনা খাবারে ব্যবহৃত সাধারণ প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী উপাদান উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ২০০৯ সাল থেকে চলমান ‘নিউট্রিআইনেট-সান্তে’ গবেষণার অংশ হিসেবে ১৫ বছরের বেশি বয়সী ১ লাখ ১২ হাজারেরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এসব প্রিজারভেটিভ উচ্চ রক্তচাপের ঝুঁকি ২৯ শতাংশ এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি ১৬ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়।
গবেষণায় দেখা গেছে, সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকরবিক অ্যাসিডের মতো তথাকথিত প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভও রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা রাখে। প্রধান গবেষক মাথিল্ড তুভিয়ের জানান, ফলমূলের প্রাকৃতিক উপাদান ও কৃত্রিমভাবে যুক্ত প্রিজারভেটিভের প্রভাব এক নয়। সহ-গবেষক আনাইস হাসেনবোহলার বলেন, এসব প্রিজারভেটিভ শুধু অতি-প্রক্রিয়াজাত খাবারেই নয়, অন্যান্য খাবারেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
গবেষকেরা আরও জানান, সোডিয়াম নাইট্রাইট ও পটাশিয়াম মেটাবিসালফাইটসহ কয়েকটি প্রিজারভেটিভ ক্যানসার ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই গবেষণা পর্যবেক্ষণমূলক হওয়ায় সরাসরি কারণ-ফল সম্পর্ক প্রমাণ করে না এবং আরও গবেষণা প্রয়োজন।
গবেষণায় দেখা গেছে, প্রিজারভেটিভযুক্ত খাবারে হৃদরোগ ও রক্তচাপের ঝুঁকি বাড়ে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।