রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া পৃথক তিন মামলায় ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার দুই মহানগর হাকিম আদালত। সোমবার, ২ নভেম্বর বিকেলে মহানগর হাকিম আরিফুল ইসলাম ও কালাম উদ্দিন পৃথকভাবে এ আদেশ দেন। মামলাগুলোতে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং সরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৩ জন, একই থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাতজন এবং মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জনকে কারাগারে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন। আবেদনে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা বলা হয়।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বলেছে, জামিনে মুক্তি পেলে আসামিরা পলাতক হতে পারেন বা তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। এজাহার অনুযায়ী, ১ নভেম্বর মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে স্লোগান দেন; মিরপুর-১২ এলাকাতেও সহিংসতার অভিযোগ ওঠে।
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে তিন মামলায় ২৬ জনকে কারাগারে পাঠাল আদালত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।