নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কালো পোশাক ও হেলমেট পরা দুই দুর্বৃত্ত। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। বাম পা ও রানে গুলিবিদ্ধ জামালকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি দোকানের সামনে থেমে জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত চলে যায়। জামাল উদ্দিন ঘোষকামতা গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। তিনি সাবেক প্রবাসী এবং কয়েক বছর আগে নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা ও পোস্টারিং করেছিলেন। তাঁর একাধিক ছেলে বর্তমানে প্রবাসে রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে জামাল হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার মূল কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সোনাইমুড়ীতে চায়ের দোকানে জামাল উদ্দিনকে গুলি, কারণ খতিয়ে দেখছে পুলিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।