সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে। শনিবার অধিদপ্তরের ২৩টি দল ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামের বেশি নেওয়া ঠেকাতে এ তদারকি করা হয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না যাচাই করা হয়েছে।
ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে বাধা দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টানানো এবং নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির সতর্কতাও দেওয়া হয়। ভোক্তাদের ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান ত্রুটি দেখে রশিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ হটলাইন ১৬১২১-এ জানানো যাবে; অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
গ্যাস সিলিন্ডারের মূল্য তদারকি অভিযানে ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।