ইয়েমেনের হুথিরা সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ঘাঁটির অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করা হয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বাংলাদেশ সময় রোববার দিবাগত মধ্যরাতে এক্সে পোস্ট দিয়ে এ দাবি জানান, তবে অভিযানটি কবে হয়েছে তা উল্লেখ করেননি। এ সময় হুথি ও সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর লড়াইও তীব্র হয়েছে।
সরকারি বাহিনী জানিয়েছে, শনিবার লোহিত সাগরের বন্দরনগর মোখায় হুথিদের অবস্থানে হামলা চালানো হয় এবং পরে তাইজ এলাকায় হুথি অবস্থান ও ব্যারাক লক্ষ্য করে তিন দফা বিমান হামলা হয়। হুথিদের দাবি, গত ৪৮ ঘণ্টায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরবের ‘শত্রু বিমান’ ১২৯টি হামলা চালিয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সীমান্তসংলগ্ন এলাকায় হুথিদের একটি প্রক্ষেপণাস্ত্র পড়লে দুজন আহত হন এবং একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানিয়েছে, জুলাই থেকে সংঘাতের কারণে ৭৬ হাজার মানুষ ঘর ছেড়েছে; এক সপ্তাহে এই সংখ্যা চার গুণ হয়েছে। উভয় পক্ষের সূত্রের বরাতে নতুন লড়াইয়ে ৫০০-এর বেশি নিহতের কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা সাম্প্রতিক অভিযানে লোহিত সাগর উপকূলের বাকি অংশ ও কয়েকটি কৌশলগত দ্বীপ দখল করে বাব আল-মান্দাব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে।
ইয়েমেনে লড়াই ও বাস্তুচ্যুতি বাড়ার মধ্যে সৌদি ঘাঁটিতে হামলার দাবি হুথিদের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।