ভারতের ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক তোয়াহা বিন জলিল চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসছেন। তাদের অংশগ্রহণে সিয়ান পাবলিকেশন লিমিটেড ঢাকা ও চট্টগ্রামে দুটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সফর ও সেমিনারের তথ্য জানানো হয়।
সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক বলেন, দুই তরুণ বক্তা সমকালীন ইসলামী চিন্তাধারা, যুবসমাজের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহ বিষয়ে প্রাঞ্জল উপস্থাপনার জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। সেমিনারে দেশ-বিদেশের প্রখ্যাত বক্তারা ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণার জবাব দেবেন। আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা এবং তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শন নিয়েও আলোচনা হবে।
প্রথম সেমিনার ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিনারটি ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে হওয়ার কথা রয়েছে। দুই আন্তর্জাতিক বক্তার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম ও গবেষকেরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগ্রহীরা event.seanpublication.com ওয়েবসাইটের মাধ্যমে সেমিনারের আসন বুক করতে পারবেন।
আগস্টে ঢাকা ও চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামিক সেমিনারে আসছেন ভারত ও পাকিস্তানের দুই বক্তা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।