ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সদ্য ঘোষিত অর্থনৈতিক অভিযান ওয়াশিংটনের জন্য আরেকটি পরাজয় ডেকে আনবে। বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, এই উদ্যোগ ইরানিদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব আরও গভীর করবে। ট্রুথ সোশ্যালে বুধবার ট্রাম্পের নতুন অর্থনৈতিক অভিযান ঘোষণার পর আরাগচি এ মন্তব্য করেন।
আরাগচি কথিত ‘ইকোনমিক ডি-ডে’কে যুক্তরাষ্ট্রের নিজস্ব সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঋণ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে এবং সুদের ব্যয় দ্রুত বাড়ছে। ব্যর্থ নীতিতে জোর দিলে যুক্তরাষ্ট্রের আরও পরাজয় হবে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্রের কথিত ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’কে বৈশ্বিক অর্থনীতি ও বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিযোগ করেন।
ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ গ্রহণে ব্যর্থ হওয়ায় দেশটিকে নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার মুখে পড়তে হবে। তেহরানকে সহায়তাকারী আর্থিক ও বাণিজ্যিক চ্যানেল বন্ধে ওয়াশিংটন উদ্যোগ নেবে বলে তিনি জানান। ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে সহায়তা করা আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর ও সরকারি সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তিনি মার্কিন মিত্রদেরও ইরানকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানান।
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক অভিযানকে যুক্তরাষ্ট্রের পরাজয় বললেন আরাগচি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।