ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন মঙ্গলবার জাতীয় সংসদে অভিযোগ করেছেন, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত কাঠামো যথাযথভাবে মানছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সম্পূরক প্রশ্নে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান একটি ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে সার্টিফিকেট বাণিজ্য করছে এবং সেখানে গবেষণার পর্যাপ্ত সুযোগ নেই।
লিখিত প্রশ্নে জয়নাল আবদিন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করতে সরকারের পদক্ষেপ জানতে চান। শিক্ষামন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।
জয়নাল আবদিন আরও বলেন, গত ১৬ বছরে দলীয় বিবেচনায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ায় দেশে এসব প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আইন অনুযায়ী মানসম্মত শিক্ষা, গবেষণা ও পর্যাপ্ত ক্যাম্পাস নেই এমন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কি না, তিনি জানতে চান। জবাবে ববি হাজ্জাজ বলেন, বিস্তারিত তথ্য চাওয়া হলে নোটিশের মাধ্যমে তা সরবরাহ করা সম্ভব হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানদণ্ড লঙ্ঘন ও গবেষণার ঘাটতির অভিযোগ এমপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।