রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছর—২০১৮–১৯, ২০১৯–২০, ২০২০–২১ ও ২০২১–২২—এর অনাদায়ী আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুন মাসে বর্তমান ব্যবস্থাপনা আর্থিক পর্যালোচনার পর এ বকেয়া পরিশোধের উদ্যোগ নেয়।
বিএসসিএলের মতে, দীর্ঘদিনের আর্থিক দায় নিষ্পত্তি প্রতিষ্ঠানটির আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে আর্থিক ভিত্তি আরও সুসংহত হবে এবং ভবিষ্যতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং অনিষ্পন্ন দায়গুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৪–২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। ওই অর্থবছরে মোট আয় ছিল ২৪৫ কোটি ১৩ লাখ টাকা, ব্যয় ২০৬ কোটি ৭৭ লাখ টাকা এবং নিট মুনাফা দাঁড়ায় ৩৮ কোটি ৩৫ লাখ টাকা। সংশ্লিষ্টদের মতে, বকেয়া পরিশোধ ও লাভজনকতায় পৌঁছানো প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
বিএসসিএল ২৯ কোটি ১৫ লাখ টাকার বকেয়া আয়কর পরিশোধ করে আর্থিক শৃঙ্খলা জোরদার করেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।