বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রবিবার ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে মহড়াটির উদ্বোধন হয়। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এটি আয়োজন করা হয়েছে বলে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ স্বাগত বক্তব্য দেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন চিফ তৃষিতা মওলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিষয়ভিত্তিক মতামত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যসক্ষমতা বাড়ানো এই মহড়ার মূল লক্ষ্য।
মহড়ায় দুই দেশের সদস্যরা সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি, হ্যাজমেট রিস্ক ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স, ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। এতে বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাঁচ দিনের কোপ সাউথ মহড়া শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।