নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোনে সন্ত্রাসী হামলার ভিডিও ধারণ করায় ইউসুফ নামে ২৩ বছর বয়সী এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। পাশের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ হামলার দৃশ্য ধারণ করছিলেন। হামলাকারীরা বিষয়টি দেখে তাঁর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং বাধা পেলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত এলাকায় জুয়েল আরমানের সঙ্গে দেলুর লোকজনের সংঘর্ষের জের ধরে রাতে এই হামলা হয়। নিহত ইউসুফ চাঁদপুরের কচুয়ার বাসিন্দা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শিয়াচরে ভাড়া থাকতেন। হামলাকারীরা ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের অনুসারী বলে অভিযোগ রয়েছে।
ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় গাড়িচালক ইউসুফকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।