ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের তৃতীয় সপ্তাহান্তে শনিবার দেশজুড়ে ৬৫টি কর্মসূচিতে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত এসব কর্মসূচি থেকে পুলিশ ২৭ জনকে গ্রেপ্তার করেছে।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক শনিবারগুলোর বিক্ষোভের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দেশজুড়ে পরিস্থিতি সাধারণভাবে শান্ত ছিল এবং উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আগের দুই সপ্তাহের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২৪ অক্টোবর ১০৮টি কর্মসূচিতে ৩৭ হাজার মানুষ এবং ১৭ অক্টোবর ১৯৮টি কর্মসূচিতে ৬৭ হাজার বিক্ষোভকারী অংশ নেন। গ্রেপ্তারের সংখ্যাও কমেছে; ২৪ অক্টোবর একই সময় পর্যন্ত ২১৭ জন গ্রেপ্তার হয়েছিলেন। ৩১ অক্টোবর হ্যালোইনকে ঘিরে কর্তৃপক্ষ আগে থেকেই বাড়তি নিরাপত্তাঝুঁকির সতর্কতা দিয়েছিল। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে এবং সহিংসতা বা সম্পদের ক্ষয়ক্ষতিতে জড়িতদের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোরতা দেখাবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
ফ্রান্সে ৬৫ বিক্ষোভ কর্মসূচিতে ১৫ হাজার অংশগ্রহণকারী, গ্রেপ্তার ২৭
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।