মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ২০ দিন পর জায়েদা বেগম (৩১) নামে এক গৃহবধূর মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের আলমগীর হোসেনের বাড়ির উঠান খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমগীরসহ চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্ত্রীকে হত্যার পর বাড়ির উঠানে প্রায় আট ফুট গভীর গর্তে লাশ পুঁতে রাখার কথা স্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে জায়েদার সঙ্গে করিমপুর গ্রামের আলমগীরের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ১৮ জুন স্ত্রীকে হত্যার পর আলমগীর আত্মীয়-স্বজনদের জানান, স্ত্রী বিদেশে চলে গেছেন। পরে জায়েদার বাবা ৩ জুলাই রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্তে আলমগীরকে জিজ্ঞাসাবাদে তিনি লাশ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন। জেলা পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তদন্ত চলছে।
রাজনগরে মাটিচাপা লাশ উদ্ধার, স্বামীর হত্যার স্বীকারোক্তি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।