কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি কোকেন ল্যাবরেটরিতে বিস্ফোরণে নয়জন নিহত ও আটজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিঞ্জো বিভাগে এ ঘটনা ঘটে। এলাকাটি কোকেন উৎপাদনের জন্য পরিচিত এবং এখানে আদিবাসী ‘আওয়া’ সম্প্রদায়ের বসবাস। একই সঙ্গে অঞ্চলটিতে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।
নিহতরা সাবেক বিদ্রোহী সংগঠন ফার্কের একটি বিচ্ছিন্ন অংশ ‘ন্যাশনাল কো-অর্ডিনেটর বলিভারিয়ান আর্মি’র হয়ে কাজ করতেন। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদক তৈরির সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুর্ঘটনাটি ঘটে। বিদ্রোহী গোষ্ঠীটিও এক বিবৃতিতে জানিয়েছে, সিলিন্ডার ব্যবহারে অসতর্কতার কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ল্যাবে আগুন ধরে যায়।
এই গোষ্ঠীটি ২০১৬ সালে ফার্কের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল, তবে বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। বিস্ফোরণস্থলটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের একটি প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
কলম্বিয়ার নারিঞ্জো অঞ্চলে কোকেন ল্যাবে বিস্ফোরণে ৯ জন নিহত