কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের টাটা কেমিক্যালসকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। কেনিয়ার কাঁচামাল ব্যবহার করে স্থানীয় শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতার অভিযোগে তিনি এ নির্দেশ দেন। দক্ষিণ কেনিয়ার কাজিয়াদো কাউন্টি সফরে বৃহস্পতিবার রুটো জানান, কোম্পানিটির বদলে নতুন বিনিয়োগকারী এনে সেখানে কাচ ও রাসায়নিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
রুটো বলেন, টাটা এবং এর পূর্বসূরি প্রতিষ্ঠানগুলো এক শতাব্দীরও বেশি সময় ধরে লেক মাগাদি থেকে সোডা অ্যাশ উত্তোলন করেছে, কিন্তু কাজিয়াদোতে স্থানীয় কারখানা স্থাপন বা পর্যাপ্ত কর্মসংস্থান তৈরিতে প্রত্যাশিত ভূমিকা রাখেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, কোম্পানিটির সঙ্গে ১০০ বছরের চুক্তি থাকলেও তারা সেখানে কিছু নির্মাণ করেনি। সরকার কাঁচামাল উত্তোলন ও রপ্তানির বদলে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন, শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে চায়।
এর আগে ২৮ জুলাই খনিজবিষয়ক মন্ত্রণালয় টাটা কেমিক্যালস মাগাদির খনন কার্যক্রম স্থগিত করে। নিয়ন্ত্রক শর্ত, রয়্যালটি, স্থানীয় মূল্য সংযোজন, কর্মসংস্থান ও পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। টাটা কেমিক্যালস বলেছে, তারা প্রয়োজনীয় নথি জমা দিয়েছে এবং আইনি ও নিয়ন্ত্রক আলোচনায় সমাধান চায়। ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে কেনিয়া ২ লাখ ৫৪ হাজার ৭৭৯ টন সোডা অ্যাশ রপ্তানি করেছে, যার মূল্য প্রায় ৫ কোটি ৬৯ লাখ ডলার।
স্থানীয় শিল্প গড়তে ব্যর্থতার অভিযোগে টাটা কেমিক্যালসকে কেনিয়া ছাড়ার নির্দেশ রুটোর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।