ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সতর্ক করেছে, হুথিদের অবরোধে তাইজ শহরের হাসপাতালগুলো ওষুধ, চিকিৎসাসামগ্রী ও জ্বালানির মজুত ফুরিয়ে যাওয়ায় আসন্ন স্বাস্থ্য ও মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। শনিবার জনস্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় জানায়, রোগী, আহত ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও নবজাতক তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছেন। পরিস্থিতি চললে জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার, ডায়ালাইসিস ও নবজাতক সেবা বন্ধ হয়ে যেতে পারে।
মন্ত্রণালয়ের মতে, জ্বালানির অভাবে হাসপাতালের জেনারেটর, অ্যাম্বুলেন্স এবং ওষুধ ও টিকা সংরক্ষণের শীতলীকরণব্যবস্থা অচল হতে পারে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি এড়ানো সম্ভব এমন মৃত্যুর ঝুঁকি বাড়বে। সরকার অবিলম্বে অবরোধ প্রত্যাহার, সরবরাহপথ খোলা এবং রোগী, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীদের নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছে। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর কাছে ওষুধ, অক্সিজেন, চিকিৎসাসামগ্রী ও জ্বালানি পাঠানোর আহ্বানও জানানো হয়েছে।
অক্টোবরের শুরুতে লোহিত সাগর উপকূলে হুথি অভিযানের পর তাইজ শহরের সঙ্গে সরকার-নিয়ন্ত্রিত অন্য এলাকার সংযোগকারী শেষ প্রধান সড়কটি বিচ্ছিন্ন হয়। প্রাদেশিক কর্মকর্তা নাবিল জামিল বলেন, এবারের অবরোধ ২০১৫ সালের তুলনায় আরও ব্যাপক ও গুরুতর। কালোবাজারে ২০ লিটার পেট্রলের দাম ৩০ হাজার থেকে ৯০ হাজার ইয়েমেনি রিয়ালে উঠেছে।
অবরোধে সরবরাহ ও জ্বালানি সংকটে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের সতর্কতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।