চলমান বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত এক সপ্তাহে অন্তত ৮৬ জন সাপে কামড়ে আহত হয়েছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, তিনজন বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বাকিদের কেটেছে বিষহীন সাপ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যার পানিতে সাপের স্বাভাবিক আবাসস্থল তলিয়ে যাওয়ায় তারা লোকালয়, আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে চলে আসছে। এতে সাপে কামড়ের ঝুঁকি বেড়েছে। আক্রান্তদের মধ্যে বোয়ালখালী, পটিয়া ও বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার, পানিতে নামার আগে লাঠি দিয়ে স্থান পরীক্ষা, ঘরবাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভাগে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব, এক সপ্তাহে ৮৬ জন আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।