দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করার জন্য ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জার্মানির উদ্দেশে যাওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ অঞ্চলের ও জনগণের যৌথ কল্যাণে সার্ক পুনরুজ্জীবনে সমর্থন চাওয়া হয়।
বিমানবন্দরে তোবগেকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংক্ষিপ্ত আলোচনায় তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বাংলাদেশের মন্ত্রীরা ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ও আলোচিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদাতা দেশ হিসেবে ভুটানের ভূমিকার পর থেকে গড়ে ওঠা দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করা হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তোবগে ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
ঢাকায় তোবগের যাত্রাবিরতিতে সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহায়তা চাইল বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।