নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। ঘটনাটি ঘটে গ্রেসি ম্যানশনের বাইরে, যেখানে অ্যাক্টিভিস্ট জ্যাক ল্যাংয়ের নেতৃত্বে কট্টর ডানপন্থি ও মুসলিমবিদ্বেষীরা বিক্ষোভ করছিল। পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের মধ্যেই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
৮ মার্চ এক সংবাদ সম্মেলনে এনওয়াইপিডি জানায়, উদ্ধারকৃত ডিভাইসটি সাধারণ ধোঁয়া বোমা নয়, বরং টিএটিপি বিস্ফোরক দিয়ে তৈরি একটি সক্রিয় বোমা। এতে নাট-বল্টু, স্ক্রু ও ধাতব টুকরো ব্যবহার করা হয়েছিল ধ্বংসক্ষমতা বাড়াতে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারী জ্বলন্ত ডিভাইসটি পুলিশের ব্যারিকেডের দিকে নিক্ষেপ করে এবং দ্বিতীয় ডিভাইস ব্যবহারের চেষ্টা করলে তাকে ও তার সহযোগীকে আটক করা হয়। তারা দুজনই পেনসিলভানিয়ার বাসিন্দা।
ঘটনার সময় মেয়র মামদানি ও তার স্ত্রী রামা দুওয়াজি বাসায় ছিলেন না। এক বিবৃতিতে মেয়র ঘটনাটিকে বিদ্বেষপ্রসূত ও নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং বলেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না।
নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার সামনে বোমা বিস্ফোরণ, দুইজন আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।