কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের কাছে মিয়ানমারে নিরাপদে ফেরার আকুতি জানিয়েছেন আশ্রিত রোহিঙ্গারা। ৩১ জুলাই বিকেলে তাঁর গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা লিফলেট ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছেন।
রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, বহু বছর ধরে ক্যাম্পে অনিশ্চিত জীবন কাটানোর পর তারা নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চান। ইউসিআরের সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রত্যাবাসনে পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা, আন্তর্জাতিক সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণে রোহিঙ্গাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অধিকারকর্মীরা দায়ীদের জবাবদিহির আওতায় আনতেও যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করেন।
১১ সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে ডব্লিউএফপির কার্যক্রম এবং ৮ ওয়েস্ট ও ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করে। পরে তারা আরআরআরসি কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, সফর ও রোহিঙ্গাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল।
উখিয়ায় মার্কিন বিশেষ দূতের কাছে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি রোহিঙ্গাদের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।