ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে বিদ্যমান প্রকল্প পরিকল্পনা পর্যালোচনা করে কাজের গতি বাড়াতে বলেন। তিনি বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত ও দূর করার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্প শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করে সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। তিনি দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকার ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।