কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সমন্বিত অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, বিভিন্ন থানা এলাকার পাশাপাশি কিশোর অপরাধপ্রবণ স্থানেও অভিযান চালানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এতে অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত এক মাসে আট দফা অভিযানে মোট ৩ হাজার ৬৮৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২ হাজার ৫২৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছাড়া হয় এবং ১ হাজার ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কিশোর অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারির কথা জানানো হয়েছে।
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।