জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সরকার গঠন করবে এ দেশের জনগণই, কোনো বিদেশি ষড়যন্ত্র বা আধিপত্য মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, বাংলাদেশে আর দিল্লির দাদাগিরি চলবে না।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজি, জমি দখল ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই এখন দেশের নতুন জালেম। তিনি বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন ১২ ফেব্রুয়ারি। এই লড়াই শুধু কক্সবাজার-২ আসনের নয়, বরং পুরো বাংলাদেশের জন্য—দেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটেরাদের হাত থেকে মুক্ত করার জন্য।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতিকে রক্ষার জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। বক্তারা জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গঠনে আহ্বান জানান। প্রার্থী হামিদুর রহমান আযাদ লবণের ন্যায্যমূল্য, টেকসই বেড়িবাঁধ ও ফেরি ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
কক্সবাজারে সমাবেশে নাহিদ ইসলামের ঘোষণা, বিদেশি আধিপত্য আর চলবে না