খাগড়াছড়ির মাটিরাঙ্গার গহীন জঙ্গলে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোরে অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) এর তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা সাংগঠনিক কাজ শেষে ওই এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। তল্লাশিতে একটি দেশি তৈরি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, গুলি, একটি চাকু, পিস্তলের ম্যাগাজিন, তিনটি ব্যাগ, এক জোড়া জুতা ও ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গুইমারার লক্ষ্যসিপাড়ার হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়ার তেজেন্দ্র চাকমা (২৭) এবং মাটিরাঙ্গা সদর মানসিপাড়ার বিশ্ব ত্রিপুরা (২৮)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, এলাকায় আরও কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মাটিরাঙ্গায় অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।