অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রোহিঙ্গা সংকট সমাধানে সরকারকে অবিলম্বে সর্বদলীয় সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এবি পার্টি আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তাঁর মতে, এটি কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়; বরং বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের একটি ইস্যু, যাতে রাজনৈতিক দল ও আন্তর্জাতিক অংশীজনদের সমন্বিত আলোচনা প্রয়োজন।
সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠা বাংলাদেশের জন্য নৈতিক বিজয় হলেও দীর্ঘ সময় বিপুলসংখ্যক বিদেশি নাগরিককে আশ্রয় দেওয়া বড় নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সংকট কক্সবাজারের জনজীবন, পরিবেশ ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। তিনি আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবিতে কাজে লাগানোর আহ্বান জানান।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বিশেষ সংসদ অধিবেশন ডাকার প্রস্তাব দেন এবং মিয়ানমার, চীন, জাতিসংঘ, ওআইসি, আসিয়ান ও প্রভাবশালী মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকা চান। অন্য বক্তারা চীনের গুরুত্ব, কৌশলগত কূটনীতি, ক্যাম্পকেন্দ্রিক অপরাধ, রোহিঙ্গাদের মানসিক ট্রমা এবং জাতীয় ঐক্যের ওপর জোর দেন।
রোহিঙ্গা সংকটে অবিলম্বে সর্বদলীয় সংলাপের আহ্বান সাখাওয়াতের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।