যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, এতে অংশ নেওয়া শত শত বিক্ষোভকারী গ্রেপ্তারের মুখে পড়তে পারেন। বিক্ষোভ শুরুর পরপরই কয়েকজনকে আটক করে সরিয়ে নেওয়ার ছবি প্রকাশিত হয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে।
আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, কর্মসূচিতে প্রায় ৪০০ জন অংশ নিতে পারেন। বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধিতা করি, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করবেন। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো অপরাধ হওয়ায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারের সতর্কবার্তা দিয়েছে।
২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে। পুলিশ কমান্ডার অ্যাডাম স্লোনেকি বলেন, বিক্ষোভে অংশ নিতে আগ্রহীরা জানেন যে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো বেআইনি এবং তারা ইচ্ছাকৃতভাবে অপরাধ করার উদ্দেশ্যেই সমবেত হচ্ছেন। তিনি জানান, প্ল্যাকার্ড প্রদর্শনে প্রয়োজনীয় সহায়তা বা অন্য সহযোগিতা দিলেও গ্রেপ্তার হতে পারে। বিক্ষোভ শুরু হয় দুপুর ১টায়।
প্যালেস্টাইন অ্যাকশনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তারের সতর্কতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।