গোপালগঞ্জে ১২ বছর বয়সি শিশু তালহা ওরফে মুহিন হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। একই মামলায় শাওন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং লেয়াকত আলী মোল্লাকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিন উদ্দিন ও শিহাব মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শাওন মোল্লা পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয় মানজুরুল ইসলামের ছেলে তালহা। ২৪ ফেব্রুয়ারি রাতে আমিন উদ্দিনের ঘরে থাকা একটি ট্রাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা মনজুরুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন; রাষ্ট্রপক্ষও সন্তুষ্টি জানিয়েছে। আসামিপক্ষের আইনজীবী এম জুলকদর রহমান উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।