বাংলাদেশ বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চুক্তির শর্ত ও যৌথ কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে সরকারের একটি প্রতিনিধিদল বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করবে।
অর্থমন্ত্রী বলেন, চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোও এর গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করছে। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা ও বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, আইএমএফ এবং এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে তিনি জানান। নির্বাচিত সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো চুক্তি প্রণয়নের কাজ চলছে।
চুক্তির মূল নীতিগত বিষয়গুলোতে কোনো মতদ্বৈততা নেই বলে জানান অর্থমন্ত্রী; আলোচনার মাধ্যমে যৌথ কর্মপরিকল্পনা তৈরি করে বিষয়গুলো চূড়ান্ত হবে। দিনের শুরুতে তিনি ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনা ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়।
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চূড়ান্তে শিগগির বৈঠক করবে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।