রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে রেললাইন অবরোধ করেন এবং দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে ভাঙচুর চালান। দেড়টার দিকে তারা ক্যাম্পাসে ফিরতে শুরু করেন।
আইয়ুব আলী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, তার মাথায় আঘাত লেগেছে এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চাচা-চাচিকে নিতে স্টেশনে গিয়ে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের কথা-কাটাকাটি হয়। ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় আইয়ুবকে মারধর করা হয় বলে অভিযোগ।
রাজশাহীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের রোববারের আদেশে স্টেশনের একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে চারজনকে বরখাস্ত করা হয়। তারা হলেন আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রতিদিন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে হাজিরা দিতে হবে। স্টেশন ব্যবস্থাপক জিয়াউল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার রেলকর্মী সাময়িক বরখাস্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।