বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান বৃহস্পতিবার সকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক হয়। হাইকমিশনারের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েয বিন মোহাম্মদ মোখতার এবং হাজওয়ান বিন হাসনল উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও খোলামেলা মতবিনিময় হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। হাইকমিশনার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
আলোচনায় বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুও উঠে আসে। পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সব ক্ষেত্রে সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকার আশা প্রকাশ করে। বৈঠকে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি ও আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার দূতের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।