হংকং থেকে মসলার আড়ালে অবৈধভাবে আমদানি করা ৩০ কেজি সিসা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি। এ ঘটনায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন সোলায়মান আহমেদ শুভ (৩১), শাকিল আহমেদ (৩২) ও মেহেদী হাসান (৪৬)।
ডিএনসি জানায়, প্রায় দুই মাসের গোয়েন্দা নজরদারিতে সিসার অবৈধ আমদানি ও সরবরাহে জড়িত একটি চক্রের সন্ধান পাওয়া যায়। সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে গোয়েন্দারা ক্রেতা সেজে পাঁচ কেজি সিসার অর্ডার দেন এবং আমদানি থেকে সরবরাহ পর্যন্ত প্রক্রিয়াটি নজরদারিতে রাখেন। পরে অর্ডারের পাঁচ কেজিসহ আরও ২৫ কেজি, মোট ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।
১১ নভেম্বর রাতে বংশালের নর্থ সাউথ রোডের আসসুন্নাহ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সোলায়মানকে আটক করা হয় এবং তিনটি কার্টন থেকে আল ফাখের ব্র্যান্ডের সিসা উদ্ধার হয়। পরে উত্তরায় অভিযান চালিয়ে শাকিল ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানিয়েছে, সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে; তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনজনের বিরুদ্ধে বংশাল থানায় মামলা হয়েছে।
মসলার আড়ালে আনা ৩০ কেজি সিসা জব্দ, গ্রেপ্তার তিন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।