রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।
রিমান্ড আবেদনে ডরিনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক হিসেবে উল্লেখ করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা বলা হয়। মামলাটি ৯ নভেম্বর যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা হয়। ঘটনাস্থল থেকে পোড়া কৌটার অংশ, টিন, ১২টি তারকাঁটা ও কাচের টুকরা জব্দের কথা জানিয়েছে পুলিশ। ১০ নভেম্বর মামলা হয়।
বিস্ফোরক মামলায় মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।