যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সোমবার জাতীয় সংসদে জানান, সরকারের আওতাধীন ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া ইভেন্টের জন্য তিনজন করে শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এভাবে মোট ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নে বিশেষ প্রকল্প নিতে সম্ভাব্যতা যাচাই চলছে। প্রকল্প অনুমোদনের পর মাঠ উন্নয়নের কাজ শুরু হবে। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বেকার যুবকের সংখ্যা নির্ধারণে পৃথক কোনো জরিপ হয়নি; তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।
সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা ও ১১ হাজার ৮৮০ শিক্ষক নিয়োগের উদ্যোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।