গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অন্তত ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ, ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কারখানাগুলোর প্রধান ফটকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বন্ধের নোটিস টাঙানো হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছিল। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রী, রোগী ও পণ্যবাহী পরিবহন ভোগান্তিতে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় আলোচনা করলেও আন্দোলন অব্যাহত ছিল।
মালিকপক্ষ বলছে, উৎপাদন ব্যাহত হওয়া ও নিরাপত্তাঝুঁকির কারণে তারা কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, বহিরাগতদের উসকানিতে একটি পক্ষ ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। শিল্পাঞ্চলে অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার মাধ্যমে দ্রুত কারখানা চালুর চেষ্টা চলছে।
মজুরি দাবির বিক্ষোভে কালিয়াকৈরের অন্তত ৪৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।