ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার ঘোষণার প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানদের কাছে পাঠানো চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ পদক্ষেপের নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, এমন পুরস্কার ঘোষণা ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যার মতো ঘটনাকে উৎসাহিত করতে পারে।
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর পুরস্কার ঘোষণার বিষয়টি প্রকাশ করে এবং পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও তা প্রচার করে। আরাগচি বলেন, এ উদ্যোগ গুপ্তচরবৃত্তির ঝুঁকি বাড়াচ্ছে এবং ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আইএইএর নিরাপত্তা পর্যবেক্ষণব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, সততা ও নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তাঁর মতে, ইরানের পরমাণু স্থাপনা ও সংশ্লিষ্ট কর্মীরা হত্যাকাণ্ড, নাশকতা ও আগ্রাসনের ঝুঁকিতে থাকলে পরিদর্শনের দাবি পূরণ সম্ভব নয়। স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরিদর্শন এবং সহযোগিতা চাওয়াকে তিনি অবাস্তব বলে উল্লেখ করেন।
পরমাণু তথ্যের জন্য মার্কিন পুরস্কার ঘোষণার নিন্দা চেয়েছে ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।