এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব বলেছেন, গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। সুতরাং তারা আওয়ামী লীগের অংশ। এখন লীগের পক্ষে দাঁড়িয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আদীব জানান, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, সরকারি সংস্থাগুলো তাদের পুরোনো কাঠামো ধরে রাখতে মরিয়া। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। এর আগেও গুমের সাথে এসব বাহিনীর লোকজন জড়িত ছিলো। এসব বন্ধ করতে হবে। আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামি নির্বাচনকে গণপরিষদ নির্বাচন এবং এরপর নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা ও নিরপেক্ষতার জায়গাটা নিশ্চিত করবেন বলে প্রত্যাশা। আরও বলেন, গুম কমিশনের পরামর্শ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। আগের বিভিন্ন নির্বাচনে সরকারি সংস্থার লোকজন প্রভাবিত করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে: আদীব