বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কৃষি-প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, চামড়া, পাট, টেকসই বস্ত্র ও তথ্যপ্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের সঙ্গে বৈঠকে বাংলাদেশ যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তুলে ধরে। বাণিজ্য মন্ত্রণালয় সোমবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান এবং এনজেডটিইর পক্ষে ছিলেন দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার মার্কেট ম্যানেজার র্যাচেল ম্যাকগাকিয়ান।
বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের আমদানিতে দুগ্ধজাত ও ধাতব পণ্যের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, আর নিউজিল্যান্ডে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৪৭ মিলিয়ন ডলার, যার বড় অংশ তৈরি পোশাক। বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করতে ফার্মাসিউটিক্যালস, পরিবেশবান্ধব পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, টেকসই বস্ত্র ও তথ্যপ্রযুক্তি সেবার রপ্তানিতে নতুন বাজারসুযোগ চাওয়া হয়েছে।
বাংলাদেশ নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, কোল্ড-চেইন, কৃষি-প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। দ্রুত সহযোগিতার জন্য বিডা ও এনজেডটিইর সরাসরি যোগাযোগ, ভার্চুয়াল বিটুবি বৈঠক এবং এমএফএটির সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা এবং বাণিজ্য মেলা আয়োজন ও অংশগ্রহণেও একমত হয়েছে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে নতুন পদক্ষেপ প্রস্তাব করেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।