বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সরকারকে দ্রুত ফেব্রুয়ারির গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। দলটির নেতারা সতর্ক করে বলেছেন, এই রায় বাস্তবায়নে বিলম্ব বা উপেক্ষা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এবং মহাসচিব মুসা বিন ইযহারের সঞ্চালনায় নেতারা এসব মন্তব্য করেন। তারা বলেন, জনগণের রায় অগ্রাহ্য করা রাজনৈতিক ব্যর্থতা ছাড়াও জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে।
সভায় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় জনগণ যে আন্দোলন করেছিল, তার প্রতিফলন ঘটেছিল ফেব্রুয়ারির গণভোটে। কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও সরকার রায় বাস্তবায়নে গড়িমসি করছে, যা হতাশাজনক ও উদ্বেগজনক।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও উদ্বেগ জানানো হয়। শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা, সন্ত্রাস ও দখলবাজি বৃদ্ধির কথা উল্লেখ করে নেতারা সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফেব্রুয়ারির গণভোট বাস্তবায়নে বিলম্ব জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে সতর্ক নেজামে ইসলাম পার্টি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।