ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান হজের বিমানভাড়া কমিয়েছেন। বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, এই উদ্যোগ মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করবে। মন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
হজের বিমানভাড়া কমানো ও মসজিদকর্মীদের ভাতা উদ্যোগের কথা জানালেন ধর্মমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।