বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হকের মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটেছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, চার দশকেরও বেশি সময় ধরে অধ্যাপক হক শিক্ষকতা, গবেষণা ও সাহিত্যচর্চার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, মুক্তবুদ্ধির চর্চা এবং জাতীয় সংস্কৃতির বিকাশে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তার রচিত গ্রন্থ ও প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের উৎস হয়ে থাকবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, অধ্যাপক হক ছিলেন সৎ, বিনয়ী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার আন্তরিকতা ও জ্ঞানের গভীরতা তাকে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।