পরীক্ষাকেন্দ্রিক ও গতানুগতিক শিক্ষার বাইরে প্রাথমিক শিক্ষাকে আরও সৃজনশীল, আনন্দময় ও যুগোপযোগী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক স্তর থেকে স্টেম শিক্ষা, হাতে-কলমে শিখন এবং শিক্ষামূলক খেলাধুলা চালুর পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের সময়ে শিশুদের স্বাভাবিক কৌতূহল ও সমালোচনামূলক চিন্তাশক্তি ধরে রাখা জরুরি। ভবিষ্যতের কর্মক্ষেত্রের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় শিক্ষার্থীদের তথ্য জানার পাশাপাশি তথ্য বিশ্লেষণ, সমস্যা সমাধান ও নতুন কিছু শেখার সক্ষমতা অর্জন করতে হবে। শিক্ষকদের বেতন পুরোপুরি পর্যাপ্ত নয় বলেও তিনি উল্লেখ করেন এবং তাঁদের সম্মান, সামাজিক মর্যাদা ও আর্থিক সুবিধা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলার নকশা তৈরির কাজ শুরু হয়েছে। বাংলা, গণিত ও বিজ্ঞানের মতো বিষয় সহজ ও আকর্ষণীয় করতে এসব খেলা ব্যবহার করা হবে। পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রেণিকক্ষে শিক্ষামূলক খেলনা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে; এ বিষয়ে এনসিটিবি কাজ শুরু করেছে এবং দেশীয় উৎপাদনকারীদের যুক্ত করা হবে।
প্রাথমিক শিক্ষায় স্টেম, হাতে-কলমে শিখন ও ৪২০টির বেশি শিক্ষামূলক খেলার পরিকল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।